জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়সঙ্গত রূপান্তর এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের দাবিতে আজ (৮ মে, ২০২৬) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” কর্মসূচি। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশসহ বিভিন্ন পরিবেশবাদী ও তরুণ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, “চলমান বিশ্বক জ্বালানি সংকট আবারও বাংলাদেশকে দেখিয়ে দিচ্ছে যে দেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীল, আন্তর্জাতিক অস্থির বাজার থেকে আমদানিকৃত দূষণকারী কয়লা ও গ্যাসের ওপর নয়। সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর থেকে কর প্রত্যাহার এবং উপকূলজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত খালি জমিতে দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প ও বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারকে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রশংসনীয় লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।”

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট বর্তমানে বিশ্বের অন্যতম বড় মানবিক ও পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও বৈশ্বিক কার্বন নিঃসরণে তাদের অবদান খুবই কম। তাই জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক উন্নয়ন ব্যবস্থায় রূপান্তর এখন সময়ের দাবি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক জলবায়ু আন্দোলন এখন একটি শক্তিশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, বাংলাদেশের তরুণরাও জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সোচ্চার রয়েছে।

Please follow and like us: