যুক্তরাজ্যে ‘ধরা’র যাত্রা: জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা
পরিবেশ, নদী, জীববৈচিত্র্য এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা নাগরিক প্ল্যাটফর্ম ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্যে DHORA-UK গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের পরিবেশ-সচেতন নাগরিক, গবেষক, শিক্ষাবিদ, পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করে জলবায়ু ও পরিবেশ আন্দোলনের একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা।
এই লক্ষ্যে ২০২৬ সালের ২৮ জুন লন্ডনের SOAS, University of London-এ অনুষ্ঠিত হয় “International Dialogue on Forming DHORA UK: A Civic Platform for Climate Justice and Environmental Protection in Bangladesh and the UK” শীর্ষক একটি আন্তর্জাতিক সংলাপ। অনুষ্ঠানের আয়োজন করে ধরা, London Waterkeeper এবং Law, Environment and Development Centre (LEDC), SOAS, আয়োজক কর্মপরিষদের সহযোগিতায়। সংলাপে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, পরিবেশকর্মী, গবেষক, বিভিন্ন পেশার মানুষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং DHORA UK গঠনের উদ্যোগের প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধরা’র সদস্য সচিব ও Waterkeepers Bangladesh-এর সমন্বয়ক শরীফ জামিল বাংলাদেশের পরিবেশগত সংকট, নদী ও বন ধ্বংস, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরেন। তিনি পরিচ্ছন্ন জ্বালানিতে ন্যায়সঙ্গত রূপান্তর, জনগণের অংশগ্রহণ এবং প্রকৃতি রক্ষায় নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে London Waterkeeper-এর চেয়ারম্যান Theo Thomas, Councillor Bert Jones এবং ড. হাসনীন চৌধুরী যুক্তরাজ্যের পরিবেশগত চ্যালেঞ্জ ও স্থানীয় সম্প্রদায়ের উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং DHORA UK-এর সম্ভাব্য কর্মপরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন।
সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল DHORA UK-এর কার্যক্রম পরিচালনার জন্য একটি ৯ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা। প্রাথমিকভাবে শাহাব আহমেদ বাচ্চু, রাশিদ আহমেদ তারেক এবং লাবিবা রুখসানাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সদস্য এবং তরুণ জলবায়ু কর্মীদের অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপ যুক্তরাজ্যে ধরার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং বিভিন্ন কার্যক্রমের রোডম্যাপ প্রণয়ন করবে।
DHORA UK-এর লক্ষ্য শুধু প্রবাসী বাংলাদেশিদের একটি প্ল্যাটফর্ম তৈরি করা নয়; বরং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা এবং নাগরিক উদ্যোগের সেতুবন্ধন গড়ে তোলা। ভবিষ্যতে গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি, নীতি-সংলাপ, প্রচারাভিযান এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে এই উদ্যোগ।
প্রকৃতির পক্ষে, জলবায়ু ন্যায়বিচারের পক্ষে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর জন্য DHORA-UK এক নতুন আন্তর্জাতিক যাত্রার সূচনা।









