কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ‘প্লাস্টিক ও পলিথিনের প্রভাব: আমাদের করণীয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্লাস্টিক ও পলিথিন দূষণ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্লাস্টিক ও পলিথিনের প্রভাব: আমাদের করণীয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা।

সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, পরিবেশ সংগঠক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বক্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে প্লাস্টিক ও পলিথিন দূষণের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব তুলে ধরে। তারা বলেন, প্লাস্টিক বর্জ্য থেকে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, যা বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তারা ব্যক্তি, পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগে একটি প্লাস্টিক ও পলিথিনমুক্ত কুয়াকাটা গড়ে তোলার আহ্বান জানায়।

বক্তারা আরও উল্লেখ করেন, ২০০২ সালে পলিথিন নিষিদ্ধে আইন প্রণয়ন হলেও এর কার্যকর বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি। তাই পরিবেশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।