পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপকূল ও সুন্দরবন অঞ্চলের ৬ পরিবেশপ্রেমী পেলেন ‘সবুজসাথী সম্মাননা-২০২৬’

উপকূল ও সুন্দরবন অঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে শুক্রবার (৮ মে, ২০২৬) পাথরঘাটা, কুয়াকাটা ও মোংলায় পৃথক পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যথেকে নির্বাচিত ৬ জন নারী ও পুরুষকে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য জাকির হোসেন মুন্সি (টাইগার জাকির), মোঃ কামাল হোসেন গাজী, নিরঞ্জন গুপ্ত, বিনয় অধিকারী, তৃষ্ণা সরকার ও জনি হালদারকে সম্মাননা প্রদান করা হয়।

মোংলায় সুন্দরবন অঞ্চলের পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিরঞ্জন গুপ্ত, বিনয় অধিকারী, তৃষ্ণা সরকার ও জনি হালদারকে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সভাপতিত্বে মোংলার কাইনমারিতে অনুষ্ঠিত পরিবেশ সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা সুন্দরবন অঞ্চলকে যথাযথ সুরক্ষা ও রামপাল-মংলা এলাকায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক পরিকল্পিত ও দূষণমুক্ত শিল্পায়নের দাবি জানান।

অন্যদিকে পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টাইগার জাকিরের হাতে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয় তাঁর দীর্ঘদিনের বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও নিরাপদে অবমুক্ত করার অবদানের স্বীকৃতিস্বরূপ। বিশেষ করে তিনি বহু সংখ্যক (এলাকাবাসীর মতে সহস্রাধিক) অজগর সাপ উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এ উপলক্ষে পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে  এবং ধরা’র উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি সভায় পরিবেশ বন্ধু মোঃ কামাল হোসেন গাজীকে প্রায় ৫০ হাজার তালগাছের চারা রোপণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষায় অনন্য ভূমিকার জন্য ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

সকল সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি এই স্বীকৃতিকে ভবিষ্যতে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তাঁদের আরও সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

Please follow and like us: