২৭ অক্টোবর ২০২৫, সোমবার, কলাপাড়া, পটুয়াখালী সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল-দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। আন্ধারমানিক নদী তীরের হেলিপ্যাড মাঠে সোমবার শেষ বিকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রিী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলন করে। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব। বক্তারা কলাপাড়ার সকল খালের সীমানা চিহ্নিতকরন, ইউনিয়ন ভিত্তিক খালের তালিকা তৈরি, খালকে কৃষি জমি দেখিয়ে দেওয়া বন্দোবস্ত বাতিল, দখল-দূষণমুক্ত করন, স্লুইস খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে মাছ চাষের নামে দেওয়া লিজ প্রক্রিয়া বন্ধসহ সাত দফা দাবি জানান। ইতিপূর্বে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত একটি আবেদন দাখিল করা হয়েছে।

Please follow and like us: