নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে ঢাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘৫০০ সোলার সান’ ক্যাম্পেইন
১৫ অক্টোবর ২০২৬: নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা তুলে ধরতে ঢাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘500 Solar Suns: A School Campaign for Renewables Now’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ক্লাইমেট ফ্রন্টিয়ার। সহ-আয়োজক হিসেবে ছিল আরও ৩৫টি পরিবেশবাদী সংগঠন। ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত এই উদ্যোগে শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস সম্পর্কে জানার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও অঙ্গীকার প্রকাশ করে।
গত ৩ অক্টোবর যাত্রাবাড়ীর ধনিয়ায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং সহজপাঠ স্কুলে কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পেইনটির যাত্রা শুরু হয়। এরপর ৫ অক্টোবর পুরান ঢাকার ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, ৭ অক্টোবর মিউনিসিপ্যাল রোডে অবস্থিত সেন্ট গ্রেগরীজ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সর্বশেষ ১৫ অক্টোবর শ্যামপুরের প্যারাগন মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পাঁচটি কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ক্লাইমেট ফ্রন্টিয়ারের নির্বাহী পরিচালক জুবায়ের ইসলাম। তিনি শিক্ষার্থীদের কাছে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, পরিচ্ছন্ন জ্বালানির বিভিন্ন উৎস এবং বাংলাদেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা তুলে ধরেন। কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ‘সোলার সান কার্ড’। এই কার্ডে শিক্ষার্থীরা ভবিষ্যতের বাংলাদেশে জ্বালানি ব্যবস্থা কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজেদের চিন্তা, প্রত্যাশা ও স্বপ্ন লিখে প্রকাশ করে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে শিক্ষার্থীদের নিজস্ব ভাবনা তুলে ধরার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গঠনে তাদের অংশগ্রহণের বার্তা দেওয়া হয়।
এই উদ্যোগের পরবর্তী ধাপে শিক্ষার্থীদের লেখা নির্বাচিত সোলার সান কার্ড একত্র করে বাংলাদেশের মানচিত্র তৈরি করা হবে। ব্যতিক্রমী এই শিল্পকর্মে ফুটে উঠবে শিক্ষার্থীদের কল্পনায় আগামীর বাংলাদেশ—একটি পরিচ্ছন্ন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর দেশের স্বপ্ন।
কর্মসূচিগুলোর কুইজ পর্ব পরিচালনা করেন ক্লাইমেট ফ্রন্টিয়ারের উপপরিচালক ইসরাত জাহান রূপা। প্রশ্নোত্তরভিত্তিক এই পর্বে শিক্ষার্থীরা সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস সম্পর্কে নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়। আনন্দমুখর ও অংশগ্রহণমূলক এই আয়োজনের মাধ্যমে জ্বালানি বিষয়ে শেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।
আয়োজকদের মতে, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের মতামত ও অঙ্গীকারকে সামনে নিয়ে আসাই ‘৫০০ সোলার সান’ উদ্যোগের মূল লক্ষ্য।








