নার্সারী পুঞ্জিতে ৮ হাজার পানগাছ কর্তনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার, ১৩ অক্টোবর ২০২৬: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে ফলবান ৮ হাজার পানগাছ কর্তনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ এবং আদিবাসী পানচাষীদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বাংলাদেশ আদিবাসী ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা; কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন; খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে পানগাছ কর্তনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
আয়োজকেরা বলেন, আদিবাসী পানচাষীদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা জরুরি। তাঁরা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।











