ঢাকা থেকে মোংলা সড়ক শোভাযাত্রায় নবায়নযোগ্য জ্বালানির বার্তা, জনসচেতনতায় পুতুল নাচ

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬: নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা থেকে মোংলা পর্যন্ত সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচারাভিযানের অংশ হিসেবে ৩৭টি সংগঠনের যৌথ উদ্যোগে এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্য সচিব শরীফ জামিল, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, হাওর অঞ্চলবাসীর কেন্দ্রীয় সমন্বয়ক জাকিয়া শিশির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া ও মোংলা বাজারে দুটি পুতুল নাচের আয়োজন করা হয়। লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণে কার্যকর নীতিগত পদক্ষেপ, পর্যাপ্ত অর্থায়ন, সহজ বিনিয়োগ ব্যবস্থা এবং জ্বালানি পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পরিবেশবান্ধব কৃষি, খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের অধিকার এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দূষণে নদী, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষতির বিষয়টিও উঠে আসে। সুন্দরবন ও পশুর নদীর প্রতিবেশ এবং উপকূলীয় মানুষের জীবিকা সুরক্ষায় পরিবেশগত প্রভাব মূল্যায়নের ভিত্তিতে সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

আয়োজকদের মতে, দেশীয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুতুল নাচের মতো লোকজ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে জনমত গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযান দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, জ্বালানিতে স্বনির্ভরতা এবং ন্যায্য ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের দাবি তুলে ধরছে।