ঢাকা, ৩ অক্টোবর ২০২৬: নদী, পাখি, জলাভূমি ও মানুষের পারস্পরিক সম্পর্ক এবং প্রাণ-প্রকৃতি সংরক্ষণের বার্তা নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে ‘নদী ও পাখি’ শীর্ষক চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন হয় ৩ অক্টোবর কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ও জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। সভাপতিত্ব করেন ধরা’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী। বক্তব্য রাখেন ধরা’র সদস্য সচিব শরীফ জামিল, রিভার বাংলার সম্পাদক ও ধরা’র সদস্য ফয়সাল আহমেদ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক, নদীবিষয়ক আলোকচিত্রী ও ফটোগ্রাফি শিক্ষাবিদ আবির আবদুল্লাহ এবং পাখি আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরা’র সদস্য জব্বার হোসেন।

আয়োজনটির গুরুত্বের কারণে এসেছিলেন আন্তর্জাতিক পরিবেশ অঙ্গনের নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিও।

প্রদর্শনীতে আবির আবদুল্লাহর নদীবিষয়ক এবং আনসার উদ্দিন খান পাঠানের পাখিবিষয়ক আলোকচিত্রের মাধ্যমে নদী, জলাভূমি, পাখি ও মানুষের জীবনের নানা গল্প উঠে এসেছে। উদ্বোধনী আলোচনায় নদী দখল ও দূষণ, প্লাস্টিক ব্যবহার, জলাভূমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আলোকচিত্রকে শুধু সৌন্দর্য ধারণের মাধ্যম নয়, প্রকৃতির পরিবর্তন, পরিবেশবিনাশ ও মানুষের জীবনের বাস্তবতা নথিবদ্ধ এবং জনসচেতনতা তৈরির শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে নদী, জলাভূমি ও পাখির আবাসস্থলকে একটি আন্তঃনির্ভরশীল প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রদর্শনীটি ৩–৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।