ঢাকা, অক্টোবর ২০২৬: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে ২০২৬ সালের বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। বিভিন্ন স্থানীয় সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্লানেটিয়ার্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও পরিবেশকর্মীরা অংশ নেন।

কক্সবাজার: ১ আগস্ট উখিয়ার পাতাবাড়ী উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। ৩ আগস্ট মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩৫০ শিক্ষার্থীর মধ্যে ৬০০টি ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। মরিচ্যাপালংয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

১ সেপ্টেম্বর মহেশখালীর কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। ৪ অক্টোবর পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। কুতুবদিয়ায় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ৫০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বরগুনা: ১ সেপ্টেম্বর বরগুনা সদর উপজেলার মনসাতলী লাকুরতলা এ বি আর মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মধ্যে আমড়া, আমলকি, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, লেবু, তেঁতুল, হরিতকি, বহেরা ও অর্জুনসহ মোট ৫৫০টি ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

৬ সেপ্টেম্বর পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমাম হোসেন বাবুল। ২১ সেপ্টেম্বর তালতলীতে প্লানেটিয়ার্স ক্লাবের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বনজ, ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস।

পটুয়াখালী ও বাগেরহাট: ৯ সেপ্টেম্বর কলাপাড়ার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২ শিক্ষার্থীর মধ্যে আম, কাঁঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বাগেরহাটের মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা (ধরা)-এর সমন্বয়ক মো. নূর আলম শেখ।

সিলেট: ৫ আগস্ট ধরা সিলেটের উদ্যোগে ‘বর্ষায় বৃক্ষরোপণ, সবুজে আচ্ছাদন’ কর্মসূচির আওতায় সোবহানীঘাট এলাকার সড়কের মধ্যবর্তী আইল্যান্ডে নিমগাছের চারা রোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও ধরা’র সংগঠক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সভাপতিত্ব করেন ধরা সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন। এবং চারার পরিচর্যা ও মনিটরিংয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়।

এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও ম্যানগ্রোভ বনায়ন সংরক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।