মার্কেট ফোর্সেস, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ জাপানি ব্যাংকগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে, যারা এশিয়ায় একটি ভুল “ট্রানজিশন” বা রূপান্তরের পক্ষে প্রচারণা চালাচ্ছে যা আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল এবং এগুলো প্রায়শই অত্যন্ত ব্যয়বহুল। ২০২৪ সালের ২৮ মে, মঙ্গলবার ঢাকার শ্যামলীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জাপানি ব্যাংকগুলোর আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি প্রচারের বিরোধিতা করতে ধরা এবং ওয়াটারকিপার্স-এর নেতারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এই প্রতিবাদে অংশ নেন।
ধরার কো-কনভেনর এম এস সিদ্দিকী; ধরার সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল; সুন্দরবন রক্ষায় আমরা-র সমন্বয়ক নূর আলম শেখ; চুনতি রক্ষায় আমরা-র সমন্বয়ক সানজিদা রহমান; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান; বরগুনার তৃণমূল পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন এবং অন্যান্যরা এই বিক্ষোভে উপস্থিত ছিলেন।
