আজ ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ৭টায় কুড়িগ্রাম জেলার রৌমারীর ব্রহ্মপুত্র নদ অববাহিকার সীমান্ত চর ইটালুকান্দা থেকে শুরু হয়েছে এক ব্যতিক্রমী পরিবেশ আন্দোলন। নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির বিস্তারের প্রতিবাদে এই দীর্ঘ ‘ক্রস-কান্ট্রি হাইকিং’ অভিযানে নেমেছেন অভিযাত্রী মাসফিকুল হাসান টনি।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানের শিরোনাম- “নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও”।

এই একক পদযাত্রায় টনি কুড়িগ্রামের রৌমারীর চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র অববাহিকা) থেকে শুরু করে ৬০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরি-মুকরিতে (বঙ্গোপসাগর উপকূল) গিয়ে যাত্রা শেষ করবেন।

বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব, নদী রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এই পদযাত্রার মূল উদ্দেশ্য।

“নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদ”- এই স্লোগানকে সামনে রেখে পুরো পথ অতিক্রম করবেন অভিযাত্রী।

নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব আজ গভীর সংকটে। এই ৬০০ কিলোমিটারের পদযাত্রা নীতিনির্ধারকদের বিবেক নাড়া দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার এক সাহসী ও সময়োপযোগী উদ্যোগ। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই অভিযান পরিবেশ ও জলবায়ু সংকটকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে—এই প্রত্যাশাই আমাদের।

Please follow and like us: