গত ৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও এ্যাকশন এইড বাংলাদেশের জেট-নেট-বিডি’র উদ্যোগে সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), রাউডো এবং জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নির্মল বায়ু ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে একটি স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “বায়ু দূষণ বর্তমানে একটি জাতীয় সমস্যা। এই দূষণ রোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা। আজকের এই স্বাক্ষর ক্যাম্পেইন সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই পরিচালিত।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা বেগম রুবী, জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ছাইদা বেগম শ্যামা, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতা মোঃ আমির উদ্দিন। বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নির্মল বাযূ অন্যতম। তারা বায়ু দূষণ রোধে সরকারের গৃহীত নীতি বাস্তবায়ন ও সকল স্তরে এ বিষয়ে মনিটরিং জোরদারের দাবি করেন। কেন্দুয়া ইয়াসিন পাড়া উন্নয়ন দল ও সোনাকাতা উন্নয়ন দলের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাক্ষর প্রদানের মাধ্যমে নির্মল বায়ুর দাবির প্রতি তাদের অঙ্গীকার ও সমর্থন ব্যাক্ত করেন।




