জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন/২৫) সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর হলরুম ও অফিস প্রাঙ্গণে আলোচনা সভা পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। অনুষ্ঠানে পরিবেশবাদী সংগঠনের কর্মী, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ এনামুল হক। সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রহমান মহব্বত। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমির উদ্দিন। তিনি বলেন, “পরিবেশের সুরক্ষা এখন আর বিকল্প নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই মুহূর্তে সচেতনতা ও কার্যকর উদ্যোগের প্রয়োজন।”
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী দেওয়ান আব্দুল মালেক ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। তারা পরিবেশ দূষণ, নদীভাঙন ও প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরেন। সভায় আরও আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা, সভাপতি, বাংলাদেশ মানবতা ফোরাম, জামালপুর।
আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।



