২০ মে ২০২৫, মঙ্গলবার বরগুনা সদর উপজেলার খাজুরতলা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বিতর্ক প্রতিযোগিতা, যার মূল প্রতিপাদ্য ছিল— “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন”। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বরগুনা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে কলেজ মিলনায়তনে বেলা ১২টায় শুরু হয় এ অনুষ্ঠান।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় দ্বাদশ শ্রেণীর দল, তবে সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ শ্রেণীর শিক্ষার্থী এনামুল মীর। তার পাশাপাশি একাদশ শ্রেণীর আরও দুই শিক্ষার্থী—মুশফিকা ও মুমু, এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, তামান্না ও সারামনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য মোস্তাক আহমেদ, খাজুরতলা মডেল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো: সাইফুল ইসলাম সোহেল, অধ্যক্ষ ইসরাত জাহান নিপা, বাংলা বিভাগের প্রভাষক সাব্বির মাহমুদ, সদস্য সচিব মুশফিক আরিফ এবং আল আমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই আয়োজন বরগুনার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।











