আজ ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকালে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।
ধরা- মোংলার নেত্রী কমলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবনন্ধনে আরো উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মোঃ ডলার মোল্লা, মেহেদী হাসান, ধরা’র নেত্রী রত্না শেখ, শীলা সরদার, তন্বী মন্ডল প্রমূখ।
সভাপতির বক্তৃতায় ’ধরা’ নেত্রী কমলা সরকার বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি।
মানববন্ধনের সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার বলেন, আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে।
মানববন্ধনে বক্তাগণ বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মান করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার।
মানববন্ধনে বক্তাগণ আরো বলেন, পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে। বক্তারা শক্তির উৎস সবুজে থাকার আহ্বান জানান।
মানববন্ধনে কৃষক, জেলে, নারী, যুবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




Newslink: