সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পেল ‘সবুজ সাথী সম্মাননা’
সিলেট নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ও সম্ভাবনাময় পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ‘সবুজ সাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে শনিবার (১৩ জুন) সিলেটের মিরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সিলেট শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
ধরা সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।
অনুষ্ঠানের শুরুতে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিবেশকর্মী নাহিদা খান সুর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরা সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের স্বীকৃতি তাদের কর্মপ্রেরণা আরও বাড়াবে।
বিশেষ অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, ভুল ও ক্ষতিকর কাজের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি ভালো কাজের স্বীকৃতি দেওয়াও জরুরি। তিনি সিলেট নগরীর পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, এবারে বাজেটেও পরিবেশ ও নদীর কথা চিন্তা করে বরাদ্দ রাখা হয়েছে। এই প্রথমবারের মতো বাজেটে দেশের পরিবেশের কথা চিন্তা করে বরাদ্দ রাখা হয়েছে। কতটুকু রাখা হয়েছে সেই তর্কে না গিয়ে সরকার প্রধানকে ধন্যবাদ জানাই, কারণ অন্তত তিনি দেশের পরিবেশ-প্রতিবেশের কথা চিন্তায় রেখেছেন।
এছাড়া বক্তারা আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গঠনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগের প্রশংসা করেন।
সম্মাননা গ্রহণের পর সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন বলেন, এই স্বীকৃতি শুধু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নয়; পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেট নগর গড়ে তোলার অভিযাত্রায় সম্পৃক্ত সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, সাংবাদিক, পরিবেশকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






