আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে “Walk for Biodiversity” পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে “Walk for Biodiversity” শীর্ষক পদযাত্রা এবং “বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য” শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনটির সহ-আয়োজক ছিল পরিবেশবাদী নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
সকালে রমনা পার্ক থেকে শুরু হয়ে মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করেন সংগঠনের সদস্যরা। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ পদযাত্রার আয়োজন করা হয়। পরে বিকেল ৪টা থেকে টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে চারজন ওয়াইল্ডলাইফ আলোকচিত্রীর তোলা প্রায় ১০০টি ছবি নিয়ে “বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য” শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিরল ও বৈচিত্র্যময় প্রাণী, পাখি ও প্রকৃতির নানা দিক তুলে ধরা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ সংকটের অন্যতম কারণ হচ্ছে জীববৈচিত্র্যের ভয়াবহ অবক্ষয়। নির্বিচারে গাছ নিধন এবং পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী শিকার পৃথিবীকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, কিছু অসচেতন ও অসহিষ্ণু কর্মকাণ্ডের কারণে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, যা মোকাবিলায় সম্মিলিত সচেতনতা জরুরি।
এই আয়োজনে গণমাধ্যমকর্মী, আলোকচিত্রী, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।







