মোংলায় মূকাভিনয় আয়োজনের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার আহ্বান
সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রমধর্মী মূকাভিনয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ মে, ২০২৬) দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের মূকাভিনয় আয়োজন মোংলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।
ধরা’র সদস্য শাহরিয়ার শাওন এর একক মূকাভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। তিনি বলেন, মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টির এই কর্মসূচি নতুন প্রজন্মকে সুন্দরবন রক্ষার সংগ্রামে প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন “সুন্দরবন রক্ষায় আমরা”-এর সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। তিনি বলেন, সংস্কৃতির অবস্তুগত উপাদান হিসেবে মূকাভিনয় সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হতে পারে, যা শাহরিয়ার শাওনের একক মূকাভিনয়ে প্রমাণ হয়েছে। ভাষাহীন মূকাভিনয়ের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার যে পরিবেশনা উপস্থাপন করা হয়েছে তা সবাইকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, মূকাভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা। এছাড়াও বক্তব্য দেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মমতাজ খানম এবং প্রভাষক সাহারা বেগম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সংস্কৃতি ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


