বিশ্ব বাঘ দিবসে মোংলায় ধরা’র সচেতনতামূলক কর্মসূচি

“সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও”

মোংলা, বাগেরহাট | ২৯ জুলাই ২০২৬

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বাগেরহাটের মোংলার মিঠাখালী এলাকায় “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি, এবং প্রীতি ফুটবল ম্যাচ।

সকাল ১১টায় মিঠাখালী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় পূর্ব বাংলার ১৭ জেলার মধ্যে ১১ জেলায় বুনো বাঘের অস্তিত্ব ছিল। কিন্তু গত একশ বছরে পৃথিবী থেকে প্রায় ৯৩ শতাংশ বাঘ বিলুপ্ত হয়ে গেছে। উনিশ শতকে বিশ্বের ৩৩টি দেশে প্রায় এক লাখ বাঘ থাকলেও বর্তমানে মাত্র আটটি দেশে প্রায় পাঁচ হাজার বাঘ টিকে আছে। তাই সুন্দরবন সংরক্ষণ মানেই বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ।

পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালান চক্র সুন্দরবনকে হুমকির মুখে ফেলছে। তিনি সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় টাইগার অ্যাকশন প্ল্যান কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি আব্দুল মান্নান হাওলাদার বলেন, “বাঘ আমাদের শৌর্য-বীর্যের প্রতীক। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং আমাদের জাতীয় গৌরবের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”

আলোচনা সভার আগে চাঁদপাই ও মিঠাখালী বাজার এলাকায় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্থানীয় জনগণ, তরুণ-যুবক, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে সুন্দরবন ও বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় মিঠাখালী মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।