“যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও”
জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালিত
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। ২৮–২৯ এপ্রিল ২০২৬ কলম্বিয়ার সান্তা মার্তায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে লক্ষ্য করে ঢাকা সহ দেশের ১০টি স্থানে মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধনে জ্বালানি রূপান্তর ও ন্যায্যতার দাবি ওঠে। একই দাবিতে পেকুয়া, পাথরঘাটা, কুতুবদিয়া, মোংলা ও কলাপাড়া এলাকায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনগণ ও পরিবেশকর্মীরা অংশ নেন। পাবনার চাটমোহরে নদী পুনরুদ্ধার ও জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তরের পাশাপাশি পরিবেশ, জীবন ও জীবিকা রক্ষার দাবি জানানো হয়। তালতলী ও বরগুনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধসহ উপকূলীয় মানুষের জীবিকা ও পরিবেশ সুরক্ষার আহ্বান জানানো হয়। জামালপুরে মানববন্ধন ও আলোচনা সভায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। মোংলায় বক্তারা যুদ্ধ, জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জনগণকেন্দ্রিক জ্বালানি ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সব কর্মসূচিতে এককভাবে জোর দেওয়া হয়ঃ ন্যায্য, গণতান্ত্রিক ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরই টেকসই ভবিষ্যতের একমাত্র পথ।







