‘Artwork for the Earth: A Planet for the People’ আয়োজনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা
ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন “Artwork for the Earth: A Planet for the People”। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজনের উদ্যোগ নেয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, ক্লাইমেট ফ্রন্টায়ার্স, মিশনগ্রীন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন, যুব পরিবেশ ও উন্নয়ন সংস্থা, রিভার বাংলা, ইয়োথ একশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট, ইউক্যান ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। “Artwork for the Earth” কার্যক্রমে অংশগ্রহণকারীরা পোস্টার , চিত্রাঙ্কন ও সৃজনশীল আর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা, দূষণ প্রতিরোধ এবং জলবায়ু সংকট মোকাবিলার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “Open Expression”, যেখানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার কথা তুলে ধরেন। এরপর আয়োজন করা হয় “Walk for the Earth” শীর্ষক সচেতনতামূলক পদযাত্রা। অংশগ্রহণকারীরা পার্কের চারপাশে ঘুরে পরিবেশবান্ধব স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আয়োজক এবং অংশগ্রহণকারীদের মতে, “পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শিল্প, সংস্কৃতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।” এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়।
