বুধবার, ২৮ মে ২০২৫ তারিখ সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক পরিবেশ সমাবেশে অধ্যাপক কে এম রব্বানীকে “সবুজ সাথী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

সমাবেশটি আয়োজন করে পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।

সকাল ১১টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়কারী শরীফ জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ ও সম্মাননা প্রাপ্ত ব্যক্তি অধ্যাপক কে এম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, মোংলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সেলিম, এবং বৃক্ষপ্রেমিক সমাজকর্মী সুভাষ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশকর্মী ইস্রাফিল বয়াতি, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, হাছিব সরদার এবং মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “সরকার বর্তমানে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মোংলা সুন্দরবনের কাছাকাছি অবস্থিত একটি সংবেদনশীল এলাকা। এখানে কোনো ধরনের আইন-নীতি লঙ্ঘন করে পরিবেশবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না।”

সংবর্ধিত অতিথি অধ্যাপক কে এম রব্বানী বলেন, “বৃক্ষপ্রেম আমাদের সমাজের সহজাত শিক্ষা। আমরা আমাদের পরিবার থেকে এ শিক্ষা পেয়েছি। গাছ লাগানোর সময় মনে রাখতে হবে, যেন তা পাখিদের খাবার ও আবাসনের উৎস হিসেবেও কাজ করে।”

সভাপতির বক্তব্যে শরীফ জামিল বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নিবেদিতপ্রাণ মানুষ। এদের কর্মকাণ্ড সমাজের সামনে তুলে ধরতে পারলে আরও মানুষ পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হবে। মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। পরিবেশ ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তা বন্ধ না হয়, তাহলে ধরে নিতে হবে সরকার পরিবেশ রক্ষায় আন্তরিক নয়।”

News Link

Please follow and like us: