জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর সাথে যৌথভাবে ‘প্রকৃতি এবং পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও নির্বাচিত আলোকচিত্রের ২ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনী ফেব্রুয়ারী ৬ ও ৭, ২০২৬ তারিখে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আলোকচিত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। প্রতিযোগিতায় জমা পড়া এক হাজার পাচ শত ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
এ উপলক্ষে ফেব্রুয়ারী ৬, ২০২৬ তারিখে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ অন্তর্বর্তিকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষনা করেন ও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, ‘পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। আমরা সরকার গঠনের পর কাজ শুরু করে দেখেছি নানা সংকট। সমাজে একটি চৌর্যবৃত্তির কাঠামো দাঁড়িয়ে আছে। সরকার এবং তার চারপাশের সকলের দৃঢ় সংকল্প না থাকলে এই কাঠামো ভাঙা এবং সংকট মোকাবিলা সম্ভব নয়। আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তবে পরিবেশ, নদী এবং জলবায়ু পরিবর্তনের জন্য আরও বড় আন্দোলন হওয়া দরকার। আজকের প্রদর্শিত ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কেমন পরিবেশে বসবাস করছি।’
‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর সদস্য সচিব শরীফ জামিল আয়োজনের পটভূমি ব্যাখ্যা করে বলেন, ‘একজন পরিবেশকর্মী সারাদিন কথা বলে মানুষকে যতটুকু বোঝাতে পারেন, একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি তার চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। জনসচেতনতা তৈরির এই শক্তিশালী মাধ্যমটিকে কাজে লাগিয়ে পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় জ্বালানী বিভাগে বিজয়ীরা হলেনঃ প্রথম পুরস্কার – মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডি নিউজ ২৪); দ্বিতীয় পুরস্কার – হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় পুরস্কার – মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)। পরিবেশ বিভাগে বিজয়ীরা হলেনঃ প্রথম পুরস্কার – মামুনুর রশীদ (দৈনিক সমকাল); দ্বিতীয় পুরস্কার – মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় পুরস্কার – শেখ নাসির (ডেইলি স্টার)।

