“জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” — এই প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়েছে এক বিতর্ক প্রতিযোগিতা।
শনিবার, ১৭ মে বেলা ১১টায় তালতলী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে।
বিষয়ের বিপক্ষ দল বিজয়ী হয় এবং দলের নেতা ফাতিমা আক্তার শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রভাষক নাসির উদ্দীন, বাংলা বিভাগের আব্দুর রহমান, এবং অর্থনীতি বিভাগের শিরিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফ রহমান ও পরিবেশকর্মী এম. মিলন। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং পরিবেশ সচেতনতার বিষয়ে আলোকপাত করেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই ও একটি করে বকুল গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. আ. হালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রোভার স্কাউটস দলের সদস্যরা।






