আজ ৩ আগষ্ট ২০২৫, রবিবার “ধরিত্রী রক্ষায় আমরা” (ধরা) জামালপুর জেলা শাখার উদ্যোগে ইয়াসিনপাড়া উন্নয়ন দল ও সোনাকাতা উন্নয়ন দলের সহযোগিতায় জামালপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইয়াসিনপাড়া, কেন্দুয়ায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইয়াসিনপাড়া উন্নয়ন দলের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ধরা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। তিনি প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মহব্বত এবং জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আমির উদ্দিন। তিনি পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণের ভূমিকা কোরানের আলোকে ব্যাখ্যা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং সম্মিলিতভাবে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসে জামালপুরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন গড়ে তোলা হবে।







