ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার এর আয়োজনে ০২ ফেব্রুয়ারি, সোমবার, সকাল ১১টায় কাপালিরমেঠ গ্রাম, মোংলা বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে কয়লা দূষণ এবং শিল্প দূষণ বন্ধ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন জলাভূমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামসার কনভেনশন অনুযায়ী ১৯৯২ সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ কয়লা দূষণ, শিল্প দূষণ, বিষ প্রয়োগে মাছ নিধন, প্লাস্টিক-পলিথিন দূষণ ও বন্যপ্রাণী অপরাধের কারণে মারাত্মক হুমকির মুখে, এমন বক্তব্য উঠে আসে মানববন্ধনে। বক্তারা বলেন, পশুর নদীসহ সুন্দরবনের নদ-নদীতে বিষাক্ত পারদের উপস্থিতি প্রাণপ্রকৃতি ও মানুষের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করছে এবং উন্মুক্তভাবে কয়লা পরিবহন ও অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ না করলে সুন্দরবন জলাভূমি রক্ষা করা সম্ভব নয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ; উপস্থিত ছিলেন জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার, ধরা’র নেত্রী কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ লিডার আরাফাত আমিন দূর্জয় ও শেখ সাব্বির হাসান দীপ্তসহ অন্যান্যরা। বক্তারা সুন্দরবন সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার, বিষ প্রয়োগে মাছ নিধন ও বন্যপ্রাণী অপরাধ বন্ধ এবং সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সব ক্ষতিকর শিল্প প্রকল্প বন্ধের জোর দাবি জানান।







