২০ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ার চায়না পার্ক রেস্টুরেন্টে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণকে উপকূলীয় পরিবেশ রক্ষায় সচেতন করা, নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করা এবং টেকসই উপকূলীয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের রিসার্চ এন্ড ইমপ্লেমেন্টেশন ম্যানেজার ইকবাল ফারুক, ধরা হবিগঞ্জের সদস্য সচিব তোফাজ্জল হোসেন এবং পরিবেশ সংগঠক কামাল হোসেন রনি।

কর্মশালায় প্রধান অতিথি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল বলেন, উপকূলীয় জনগণকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নদী, সমুদ্র ও জলজ সম্পদ রক্ষার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। জেলেদের জীবিকা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদেরকে সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে কাজ করতে হবে। কোন একক প্রচেষ্টা যথেষ্ট নয়; আমাদের একত্রিত শক্তি এবং দায়িত্বশীল নেতৃত্বই টেকসই পরিবর্তন আনতে পারে। তিনি বলেন আজকের এই প্রশিক্ষণ আমাদের সেই পথে এগিয়ে যাবার প্রাথমিক ধাপ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যার উপর আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ, এবং জেলেদের কল্যাণে সক্রিয় ভূমিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি। স্থানীয় জেলে হাসান বলেন, বর্তমানে আন্ধারমানিক নদীতে মাছ শূন্য। নদী ভরাট ও দূষণের কারণে জেলেদের জীবিকা হুমকির মুখে পড়েছে। অন্যদিকে কৃষক সুলতান গাজী বলেন, আমি কীটনাশক ব্যবহার করি না। প্রকৃতিকভাবে সবজি উৎপাদন করি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা কিভাবে স্থানীয় পরিবেশ রক্ষা করতে পারেন এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করতে পারে্ন তা শিখেছেন। এই ধরনের কর্মশালা উপকূলীয় পরিবেশ রক্ষায় তাদের দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে এবং স্থানীয় জনগণকে একত্রিত করে কার্যকর উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করবে।

Please follow and like us: