২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, এবং পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়ার যৌথ আয়োজনে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মোঃ মাসুম বিল্লাহ, ও পরিবেশ কর্মী কামাল হাসান রনি।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদিক বলেন, “উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ।” অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম বাড়াতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পুরো জুলাই মাস জুড়ে কলাপাড়ার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে।






